বছরের প্রথম দিনে ঠাসা ভিড়ে গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়ে উধাও করোনা বিধি, লাইফ জ্যাকেট ছাড়াই চলছে বোটিং

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জানুয়ারি: দেশব্যাপী যখন ওমিক্রনের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন নতুন করে করোনা মহামারি সম্পর্কে সচেতন হতে বলছেন তখন নতুন বছরের প্রথম দিনে একেবারে অসচেতনতার ছবি ধরা পড়ল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ঝাড়খন্ড এবং ওড়িশা লাগোয়া ঝিল্লি পাখিরালয়ে।

এদিন দেখা গেল পর্যটনকেন্দ্রে শত শত পর্যটক ঢুকছেন কোনও রকম মাস্ক ব্যবহার না করে।গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিযুক্ত ঝিল্লি পাখিরালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা শুধু মাস্ক ব্যবহারের নোটিশটুকু ঝুলিয়েই দায়িত্ব সেরেছেন। গেটের কাছে নেই কোনও তদারকির ব্যবস্থা। পাশাপাশি পাখিরালয়ে বোটিংয়ের ব্যবস্থা থাকলেও দেখা গেল পর্যটকরা নিজেদের শরীরে লাইফ জ্যাকেট ছাড়া ১০ থেকে ১৫ ফুট গভীর ঝিলের জ্বলে বোটিং করে চলেছেন। সরকারি ভাবে বোটিং এলাকায় লাইফ জ্যাকেট থাকলেও কোন পর্যটককে বছরের প্রথম দিনে দেখা গেল না বোটিংয়ের সময় লাইফ জ্যাকেট পরতে। বেশকিছু পরিবারকে দেখা গেল ছোট ছোট বাচ্চা নিয়ে এই অসাবধান বসত বোটিং করতে।

এবিষয়ে বোটিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তি নিজের সমর্থনে সাফাই দিচ্ছেন, বিপদের সময় সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তবে লাইফ জ্যাকেট পরতে বললেও পর্যটকরা লাইফ জ্যাকেট ছাড়া বোটিং করছেন ঝিলের জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *