আমাদের ভারত, ১৬ এপ্রিল: আর মাত্র কয়েক ঘণ্টা পরই
পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু। তার আগেই আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মমতা অডিও ক্লিপ ফাস করলেন বিজেপি সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, এই অডিও ক্লিপটি একটি ফোনালাপের। ফোনের একদিকে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদিকে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা শীতলকুচি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। যদিও এই অডিও ক্লিপের সত্যতা “আমাদের ভারত” যাচাই করেনি।
অডিও ক্লিপটিতে যে মহিলাকণ্ঠ শোনা যাচ্ছে তা মমতার বলে দাবি করছে বিজেপি। দেড় মিনিটের অডিও ক্লিপে মমতাকে বলতে শোনা যাচ্ছে, “ডেড বডিগুলো এখন রেখে দাও। কালকে ওই ডেডবডিগুলো নিয়ে র্যালি হবে। পরিবারগুলোকে বলবে আজকে কেউ বডি নেবে না।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় পার্থকে নির্দেশ দিচ্ছেন, “মাথা ঠান্ডা করে ভোটটা করে নাও”। তিনি জিজ্ঞাসা করছেন, “কারা গুলি চালাল? যারা মারা গেছে তারা কারা?” উত্তরে পার্থ জানাচ্ছেন, “গুলি সিআরপিএফ চালিয়েছে। নিহতরা তাদের দলেরই লোক।” অডিও টেপে মমতাকে আরো বলতে শোনা গেছে, “এফআইআর করবে আইনজীবীকে দিয়ে। নিজের ইচ্ছেমতো করবে না। বাড়ির লোক যেটা করবে, আমি বলে দেবো সেটা হবে আফটার ইলেকশন। এখন পুলিশ স্টেটমেন্ট দিতে গেলে করবে না।” মমতা আরো বলছেন,” ভালো করে এফআইআর করতে হবে কনসাল্ট করে। যাতে ওদের কমান্ডেন্ট থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সবকটাই ফাঁসে। এসপিকেও ফাঁসাতে হবে। আইসিকেও ফাঁসাতে হবে”।
সাংবাদিক বৈঠকে এই অডিও ক্লিপ তুলে ধরে অমিত মালব্যের দাবি, এই ফোনালাপ থেকে স্পষ্ট হচ্ছে শীতলকুচি ঘটনার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। অমিত মালব্য বলেন, শীতলকুচিতে যারা হামলা করতে গিয়েছিল তাদের “আমাদের লোক” বলেই উল্লেখ করছেন তৃণমূলের জেলা সভাপতি। এছাড়াও অডিও থেকে আরও একটা জিনিষ স্পষ্ট যে, দেহগুলো নিয়ে মিছিল করার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী। ১০ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে অডিও ক্লিপ থেকে। যারা ভোট লুট করতে গিয়েছিল তাদের পাশে থাকতে চাইছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। দেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেছিলেন। সেটা হলে রাজ্যে বড় রকমের গোলমালেরও আশঙ্কা ছিল। মেরুকরণের রাজনীতির জন্য রাজ্যে খারাপ ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রীর আপত্তি নেই। সেই ভয়াবহ মানসিকতাও প্রকাশ পেয়েছে অডিও ক্লিপে।
Post the violence in Sitalkuchi, Mamata Banerjee wanted to take out procession with bodies of those who died trying to capture booth 126. She spoke about framing the SP and IC for doing their job, asked TMC’s candidate to spread misinformation about detention centers to scare Ms. pic.twitter.com/517u7IulKH
— Amit Malviya (@amitmalviya) April 16, 2021
এর পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, অমিত মালব্যের নাম ইতিমধ্যেই জাল অডিও ভিডিও নেট মাধ্যমে ছড়ানো জন্য কুখ্যাত হয়েছে। শীতলকুচির ঘটনায় এতদিন পরে বিজেপি তাদের জাল অডিও-ভিডিও কোম্পানিতে একটি জাল অডিও তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেইসঙ্গে তারাও কার্যত মেনেও নিয়েছেন মমতা সেদিন গুলি চালানোর ঘটনার পরে পার্থপ্রতিমের সঙ্গে আলোচনাও করেছিলেন।

