করোনা আবহে ভোটের প্রচার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

রাজেন রায়, কলকাতা, ১৬ এপ্রিল: রাজ্যের ৮০ শতাংশ গরিব মানুষ ডিজিটাল প্রচার বোঝেন না। ভার্চুয়ালি তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। বরং স্বাস্থ্যবিধি মেনে জনসভা থেকে মিছিল করা সম্ভব। নির্বাচন কমিশনে এই দাবি জানিয়ে তিন দফা ভোট একদফায় করা নিয়ে আপত্তি জানাল বিজেপি। তৃণমূলের দাবি নাকচ করে সাধারণ ভোট প্রক্রিয়াতেই অনড় রইল কমিশন। তবে সিদ্ধান্ত হয়েছে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোটের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে প্রচার। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত করা যাবে না নির্বাচনী প্রচার, নির্দেশ কমিশনের।

শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন রাজনৈতিক দলের দু’জন করে প্রতিনিধি। সকলেই নিজেদের বক্তব্য জানান রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে। সেখানেই বিজেপি দাবি করে, শারীরিক দূরত্ব বিধি মেনে ভোটের লাইন আরও দীর্ঘ করা হোক। তাতে কেন্দ্রীয় বাহিনীকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অন্যরাও বামেদের মতো প্রচার বন্ধ করুক, নির্বাচনী আধিকারিকের কাছে এই দাবি জানান সংযুক্ত মোর্চা প্রার্থী রবীন দেব।

সর্বদলীয় বৈঠকের বক্তব্য দিল্লি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে রাজনৈতিক দলগুলির অন্যান্য আরও কিছু আর্জি কতটা, কীভাবে মেনে নেওয়া হবে, তা স্থির করা হবে। তবে ভোট প্রক্রিয়া নিয়ে নিজের মনোভাব এদিন সকলের সামনে স্পষ্ট করে দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *