সাথী দাস, পুরুলিয়া, ১৬ এপ্রিল: বচসা চরমে ওঠায় কুড়ুল দিয়ে পরিচিতের ধড় থেকে মুন্ড আলাদা করল যুবক। কাটা মুন্ড কুয়োয় ফেলল অভিযুক্ত ঘাতক। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। আজ দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়ার মফঃস্বল থানার ঘাঘরজুড়ি গ্রামে। দেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর বাধা পায় পুলিশ।
জানা গিয়েছে মৃতের নাম ভবতারণ মাহাতো, অভিযুক্ত ঘাতক দুবরাজ মাহাতো। প্ররোচনার জেরেই ওই ব্যক্তিকে কুড়ুল দিয়ে খুন করে মাথাটি কুয়োর মধ্যে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুবরাজ মাহাতকে।

এদিন ভবতারণ গ্রামের রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার সময় আচমকাই কুড়ুল দিয়ে তাকে কোপাতে থাকে দুবরাজ। প্রকাশ্য দিবালোকে এই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। প্রথমে বেশ কয়েক কোপ দিয়ে চলে যায় দুবরাজ। পরে ফিরে এসে দেহ থেকে মুন্ডু কেটে একটি পরিত্যক্ত কুয়োয় ফেলে দেয় সে। তারপর সে নিজের বাড়িতে আত্মগোপন করে। ঘটনার খবর পেয়ে মফস্বল থানার পুলিশ গ্রামে যায়। ওর বাড়ির ছাউনি খুলে তাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে পুলিশের গাড়ির উপর হামলা চালায় গ্রামের কিছুজন। তাদের দাবি, পুলিশ নয় জনতার হাতে ছেড়ে দিতে হবে অভিযুক্তকে। যদিও মফস্বল থানার পুলিশ অভিযুক দুবরাজকে গ্রেফতার করে।এদিকে রাত পর্যন্ত দমকল কর্মীরা মুন্ডটি উদ্ধার করতে না পারায় মৃতদেহ তুলতে দেয়নি গ্রামের মানুষ।

