বৃদ্ধা লটারি বিক্রেতার কাছ থেকে টাকা ও লটারির ব্যাগ ছিনতাই, চাঞ্চল্য ইসলামপুরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: আবারও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের আশ্রমপাড়া এলাকায় এক পেট্রোল পাম্পের সামনে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বৃদ্ধা মহিলা লটারি বিক্রেতার কাছ থেকে টাকা ও লটারির টিকিট ভরা ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। ওই মহিলা লটারি বিক্রেতার নাম কমলা সাহা। বাড়ি ইসলামপুর থানার সুভাষনগর এলাকায়। লটারি বিক্রেতা কমলা দেবী জানিয়েছেন, দুই জন বাইকে চেপে তার কাছ থেকে লটারির টিকিট নেন। তারপর টাকা ও লটারির টিকিট সমেত ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কমলা দেবী বাধা দিতে গেলে তাঁকে টেনে-ছেঁচড়ে অনেকটা দূরে ফেলে পালায় দুষ্কৃতীরা। লটারি বিক্রি করা প্রায় ২০ হাজার টাকা ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা মহিলাকে রাস্তায় পড়ে যেতে দেখে ছুটে আসে। তারপরে ওই মহিলার কাছে বিষয়টি জানতে পেরে বাইক নিয়ে দুষ্কৃতিদের তাড়াও করে স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ওই বৃদ্ধা মহিলা লটারি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *