BJP, Nabadwip, নবদ্বীপে দখলদারি রাজনীতি কোনভাবেই বরদাস্ত নয়, দখল হওয়া কার্যালয়ের চাবি ফিরিয়ে দিতে হবে তৃণমূলকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ মে:
নবদ্বীপে তৃণমূলের দলীয় কার্যালয় দখল নয়। দখল হওয়া দলীয় কার্যালয়ের চাবি ফিরিয়ে দিতে হবে তৃণমূলকে। কড়া নির্দেশ নবনির্বাচিত বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর।

যারা যারা মঙ্গলবার থেকে এ পর্যন্ত তৃণমূলের পার্টি অফিস দখল করেছে আজকের মধ্যে তৃণমূল কর্মীদের হাতে সেই সমস্ত অফিসের চাবি তুলে দেওয়া হবে। এবং সেটি তিনি নিজেই করবেন। নবদ্বীপে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত নয়। যদি কোনো বিজেপি কর্মী এসবের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন প্রতাপ নগরে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে এ কথাই জানালেন নবদ্বীপের নবনির্বাচিত বিধায়ক।

সোমবার নির্বাচনে জয়লাভ করার পরেই রাজ্যের বিভিন্ন জায়গা সহ নদিয়ার নবদ্বীপেও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ ওঠে। আজ সকালেও নবদ্বীপের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখলের চেষ্টা করা হয় বিজেপির পক্ষ থেকে। নবদ্বীপের বুকে এসব দখলদারি রাজনীতি, কোনমতেই বরদাস্ত করা হবে না বলে কড়া ভাষায় জানালেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। দলমত নির্বিশেষে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়াও তিনি বলেন, সবার আগে তার লক্ষ্য কর্মসংস্থানের। নবদ্বীপ শহরকে হেরিটেজ সিটি বানানোর। তবেই এলাকার উন্নতি হবে। এলাকার যুবক যুবতীদের বাইরে কাজ করতে যেতে হবে না। এছাড়াও তিনি বলেন, নবদ্বীপের শহর বাদ দিলেও বিভিন্ন গ্রামে গ্রামে তিনি ঘুরেছেন, সেখানকার রাস্তা- ঘাট, আলো সমস্ত কিছুর অবস্থা খুবই শোচনীয়। সেই এলাকাগুলিতেও অবশ্যই উন্নয়ন হবে বলে জানান তিনি। এছাড়াও নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ আসা নিয়ে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে সেইসব সমস্যার সমাধান করে রেলপথ খুব শীগ্রই স্বরূপগঞ্জ পর্যন্ত আসবে বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *