SP, West Midnapur, অশান্তিতে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না, দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশ সুপারের, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ১৬২

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, ভাঙ্গচুরে শূন্য সহনশীলতার বার্তা। ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। সদ্য বিরোধী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল, দলীয় নেতাদের বাড়িঘরে ভাঙ্গচুর-এমন একাধিক অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে।

পরিস্থিতি সামাল দিতে একদিকে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমমনি অন্যদিকে দ্রুত স্বাভাবিকতা ফেরানোর আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রশাসনের স্পষ্ট বার্তা-রাজনৈতিক পরিচয় না দেখে, দোষীদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই নিয়ে কড়া অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, জেলাশাসক বিজীন কৃষ্ণা এবং সিএপিএফ-এর জেলা কো-অর্ডিনেটর সাল্লু মহারানা, তাঁদের একযোগে হুঁশিয়ারি-অশান্তিতে যুক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার পাপিয়া সুলতানা স্পষ্ট জানিয়েছেন, “আর একটি ভাঙ্গচুরও হতে দেওয়া হবে না। কেউ যদি অশান্তি বা গন্ডগোলে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমনকি কোনও রাজনৈতিক দল বা নেতা যদি অভিযুক্তদের পক্ষে দাঁড়ান, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত-ও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জেলাজুড়ে ভাঙ্গচুর ও অশান্তির ঘটনায় প্রশাসনের এই কড়া অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে-আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম আপস করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *