ভূমিকম্প নয়, পুরুলিয়া শহরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল দোতলা বাড়ি

সাথী দাস, পুরুলিয়া, ১ অক্টোবর: ভূমিকম্প নয় আচমকা হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল আস্ত দোতলা বাড়ি। হতাহত কেউ না হলেও পুরুলিয়া শহরের মুন্সেফ ডাঙ্গার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভর দুপুরে হঠাৎ ঘটনা ঘটার আভাস পেতেই ওই বাড়ির সদস্যরা সুরক্ষিত স্থানে পৌঁছে যান। প্রতিবেশীরা বিকট শব্দে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

জানা গিয়েছে, ওই বাড়িটি প্রায় তিনশ বছরের। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হয়নি। সেখানে স্থানীয় সম্রাট চক্রবর্ত্তী তাঁর স্ত্রী ও পরিবারকে নিয়ে মোট ৫ জন থাকতেন। সম্রাট মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। দুপুরে এই ঘটনায় গোটা পরিবার বিস্ময় কাটাতে পারেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রবি শংকর দাস। সঙ্গে সঙ্গে পৌঁছায় সিভিল ডিফেন্সের সদস্যরা। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ির অংশগুলো ভেঙ্গে ফেলা হয়। রবিশংকর দাস বলেন, “পুরসভা ওই পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।” তিনি জানান, প্রাচীন ওই বাড়িটি টানা বৃষ্টির ফলে ধ্বসে পড়ে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *