স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে:
করোনা সংক্রামণ শহর ছাড়িয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় এবার গ্রামীন স্বাস্থ্যসেবক (হাতুড়ে) দের করোনা সচেতনতার কাজে লাগাবে জেলা স্বাস্থ্যদপ্তর। গ্রামীন স্বাস্থ্যসেবকদের করোনা চিহ্নিতকরণ বিষয় নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল। জেলার প্রতিটি ব্লকেই এই স্বাস্থ্যসেবকদের প্রশিক্ষণ দেওয়া হল।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক কুমার মন্ডল জানান, গ্রামাঞ্চলে মানুষের অসুখ হলে প্রথমে এই স্বাস্থ্যসেবকদের শরনাপন্ন হন। কি কি উপসর্গ হলে করোনা রোগ হতে পারে। তার প্রাথমিক ধারণাটুকু এই স্বাস্থ্যসেবকদের নেই। ফলে জ্বর বা অন্য কোনও সমস্যা থাকলেও স্বাস্থ্যসেবকরা তাদের চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রোগীদের হাসপাতালে আনা হয়। সেই সমস্ত রোগীদের চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই স্বাস্থ্যসেবকদের করোনার প্রাথমিক উপসর্গ কি কি সে বিষয় নিয়ে প্রশিক্ষিত করা হল। করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত আশা কর্মীদের জানানো সেবিষয়ে তাদের সচেতন করা হয়েছে। আশা কর্মীরাই করোনা রোগীদের সরকারি ওষুধ পৌছে দেবেন।আশা কর্মীরা মিয়মিত যোগাযোগ রেখে করোনা রোগীদের অবস্থার খোঁজখবর নেবেন। গ্রামীন এলাকার মানুষকে সরকারি
চিকিৎসামুখী করতেই এই স্বাস্থ্যসেবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক টেলিফোনে জানিয়েছেন।


