জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ৯ ফেব্রুয়ারি: খড়্গপুরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা তার প্রতিদ্বন্দ্বী প্রবীণ নেতা জহর পালকে পা ছুঁয়ে প্রণাম করে ওই ওয়ার্ডের জন্য মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে ঘটনার সাক্ষী থাকলেন গত বিধানসভায় তারই প্রতিদ্বন্দ্বী তথা বর্তমানে ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

বুধবার তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে জহরবাবু মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। দু’জনের দেখা হয় মহকুমা শাসকের কার্যালয় চত্বরে। হিরণের গায়ে হাত বুলিয়ে ভালোবাসা জানিয়ে জহরবাবু আশীর্বাদ দেওয়ার দায়িত্ব ছেড়ে দিলেন জনতার ওপর। বললেন, আমার আশীর্বাদ বা অভিশাপে কিছু আসে যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মনে করেন মানুষের আশীর্বাদই সব।


