স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মে: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগছ এলাকায় আম আদমি পার্টির পোস্টার ঘিরে শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের কালাগছ এলাকায়। পোস্টারে যোগদান করার জন্য নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। মিস কল দিলেই আম আদমি পার্টিতে যোগদান হয়ে যাবে। সেই পোস্টারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবিও রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পোস্টার ঘিরে শোরগোল শুরু হয়েছে চোপড়া ব্লক জুড়ে।
তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, এটা কিছু দালালদের কাজ শুধু টাকা নেওয়ার জন্য করছে। দিনের বেলায় কাউকে দেখা যায় না। তাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। যে যাই করুক, মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার ছাড়া আর কোনও উপায় নেই।
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা পীযূষ চক্রবর্তী জানিয়েছেন, এটা একটা রাজনৈতিক দলের পোস্টার, তা লাগাতেই পারে। তবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিছুই নেই। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়তো যারা দলীয় পদ পাচ্ছে না তারাও এই ঘটনা ঘটাতে পারে বলে অনুমান।
অপরদিকে স্থানীয় সিপিআইএম নেতা পার্থ ভৌমিক জানিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে যে কোনো রাজনৈতিক দল নিজেদের দলীয় পোস্টার লাগাতে পারে। তবে রাতের অন্ধকারে পোস্টার লাগানোর ঘটনায় অন্য কোনো কারণ থাকতে পারে বলে আশঙ্কা তাঁর।

