উলুবেড়িয়ার বিজেপি পরিচালিত বাণিবন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের, আদালতের স্থগিতাদেশ

আমাদের ভারত, হাওড়া, ১০ সেপ্টেম্বর: কয়েকদিন আগেই উলুবেড়িয়া ২ নং ব্লকের বিজেপি পরিচালিত বাণিবন গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি সদস্য ও ফরোয়ার্ড ব্লকের ১ সদস্য তৃণমূলে যোগ দিয়েছিল। আর তারপরেই বাণিবন গ্রাম পঞ্চায়েত দখলের তৎপরতা শুরু করে তৃণমূল কংগ্রেস। সেইমত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল সদস্যরা। ঠিক হয় আগামী সোমবার এই নিয়ে ভোটাভুটি হবে। যদিও তার আগেই বিজেপি এই অনাস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। আর শুক্রবার কলকাতা হাইকোর্ট এই অনাস্থার উপর স্থগিতাদেশ জারি করে।

বিষয়টি নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান, ক্রমাগত ভয় ও লোভ দেখিয়ে বিজেপি সদস্যদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যেটা পঞ্চায়েতের পক্ষে বিপদজনক। আমরা এই নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলাম‌। আদালত আমাদের আবেদনকে মান্যতা দেওয়ায় আমরা খুশি।

এই বিষয়ে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস জানান, স্থগিতাদেশের বিষয়টি শুনেছি। কপি এখনও হাতে পাউনি। এরপর দলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের বাণিবন গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসন পায় বিজেপি। তৃণমূল পায় ১০ টি এবং ফরোয়ার্ড ব্লক পায় ১টি আসন। কয়েকদিন আগে বিজেপির ৪ সদস্য এবং ফরোয়ার্ড ব্লকের ১ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে হয় ১৫ এবং বিজেপির আসন কমে হয় ৯। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *