নন্দীগ্রামে দুটি স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ সেপ্টেম্বর: নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন দুটি পরিষেবার উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি নতুন সুবিধা যুক্ত হল। একটি ছয় বেডের চক্ষু অপারেশন থিয়েটার এবং আরএকটি হল ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর। শুক্রবার এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ সৌম‍্যশংকর ষড়ঙ্গী, তমলুক স্বাস্থ‍্য জেলার সিএমওএইচ ডাঃ বিভাস রায়, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার ডাঃ অদ্বৈত মুদি, রোগীকল‍্যাণ সমিতির চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। অপারেশন থিয়েটার চালু হওয়ার ফলে চোখের চিকিৎসার সুবিধা হল এই হাসপাতালে। প্রায় পাঁচ লাখ টাকা খরচে এই পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। পাশাপাশি এখানে আড়াই কোটি টাকা খরচে শীততাপ নিয়ন্ত্রিত সাড়ে ছয় হাজার বর্গফুটের ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর গড়ে তোলা হয়েছে। এই নতুন দুটি বিভাগের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের খুব সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *