বুস্টার ডোজের জন্য ষাটোর্ধ্বদের কোনো সার্টিফিকেট দেখাতে হবে না, নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার জন্যও কোমর্বিডিটির কোনও সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়বে না ষাটোর্ধ্বদের। নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। প্রয়োজনে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়েই বুস্টার ডোজ নিতে পারবেন বয়স্করা।

ইতিমধ্যেই দেশের বেশকটি রাজ্যে প্রতিদিন হু হু করে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হচ্ছেন অনেকেই। সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুস্টার ডোজের কথা ঘোষণা করেছেন।

ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্ব প্রবীনদের জন্য বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বড়দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কোভিড ভ্যাক্সিনের প্রিকোয়েশন বা বুস্টার ডোজের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস পড়ে এই তৃতীয় ডোজ নেওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রকের জারি করা গাইডলাইন অনুযায়ী দ্বিতীয় ডোজের ৩৯ সপ্তাহ পরে বুস্টার ডোজ নেওয়া যাবে।

ওমিক্রনের সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও শরীরের ভাইরাল লোড যথেষ্ট অর্থাৎ সংক্রমণ বেশি। বিশেষজ্ঞরা সেই কারণেই তৃতীয় ডোজ নেওয়ার কথা বলেছিলেন। তাদের যুক্তি ছিল দুটি ডোজের পর শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হবে তৃতীয় ডোজের পর তার পরিমাণ আরও কিছুটা বাড়বে।

প্রথমে বুস্টার ডোজ নেওয়ার জন্য বয়স্কদের মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার কথা গাইডলাইনে বলা হয়েছিল। কি ধরনের রোগ রয়েছে, বাকি কোন রোগের চিকিৎসা চলছে তা দেখেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে রোগের তালিকা প্রকাশ করেছিল স্বাস্থ্যমন্ত্রক। হার্ট, কিডনি, ফুসফুসের রোগ, ক্যান্সারের মত মারণ রোগ ছিল সেই তালিকায়। তবে নতুন নির্দেশিকায় বলা হচ্ছে ৬০ এর বেশি বয়স্করা যদি দুটি ডোজ নিয়ে থাকেন তাহলেই তৃতীয় ডোজ পাবেন, সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *