আমাদের ভারত, ৩ জানুয়ারি: ক্রমেই উদ্বেগজনক হতে শুরু করেছে দিল্লির ওমিক্রন পরিস্থিতি। ওমিক্রন সন্দেহ করে যে করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল তারমধ্যে ৮৪% রিপোর্টে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। আর তাতেই উদ্বেগ বেড়েছে রাজধানীতে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলি নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল তারমধ্যে ৮৪% ওমিক্রন পজেটিভ। ফলে স্বাভাবিক ভাবেই চিন্তা বেড়েছে দিল্লি স্বাস্থ্য দপ্তরের। দেশের ২৩টি রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রন সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এখনো পর্যন্ত ৫১০ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। দিল্লিতে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩৫১। তবে দিল্লিবাসীকে আশ্বস্ত করে সত্যেন্দ্র জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সম্পূর্ণ তৈরি। কোনও সরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোতে চিকিৎসা সামগ্রীর কোনো অভাব নেই। দিল্লিতে তিনটি ল্যাবে জিনোম সিকোয়েন্সের পরীক্ষা করা হচ্ছে।

