আমাদের ভারত, ১৮ মে: উত্তরপ্রদেশে নতুন মাদ্রাসাগুলি কোনো আর্থিক অনুদান পাবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। জানা যাচ্ছে, মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের তরফে অনুদানের তালিকায় নতুন মাদ্রাসা গুলির নাম অন্তর্ভুক্ত না করার প্রস্তাব গ্রহণ করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে রাজ্যের নতুন মাদ্রাসাগুলি আর্থিক অনুদান পাবে না।
জানা গেছে, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে রাজ্যে নতুন মাদ্রাসাগুলিকে অনুমোদন না দেওয়ার প্রস্তাব পেশ করা হয়। সেই বৈঠকে ধ্বনি ভোটে পাস হয় ওই প্রস্তাব। এর আগে ২০১৬ সালে অখিলেশ যাদব সরকারের মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার রীতিকে অবলুপ্ত করা হয়। ওই নীতি অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষকে আর্থিক অনুদানের জন্য আদালতে আবেদন জানাতে হতো। অখিলেশ যাদব ক্ষমতায় থাকাকালীন প্রায় একশোর বেশি মাদ্রাসা অনুদান পেত। যোগী সরকার ক্ষমতায় আসার পর সে অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে দাবি বিরোধীদের।
সম্প্রতি যোগী সরকারের তরফে রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলির কার্যপ্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী কমিটির তরফে জানানো হয় রাজ্যে একাধিক মাদ্রাসা রয়েছে যা দীর্ঘদিন ধরে সরকারি অনুদান পেয়ে আসছে। সূত্রের খবর, সেই রিপোর্ট দেখার পর সরকার অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ওই রাজ্যে বর্তমানে সাত হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে।
এর আগে গত ১২ মে থেকে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় পড়ুয়া ও শিক্ষকদের ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপর মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আবারও একটি বড় পদক্ষেপ করল যোগী সরকার।

