সাথী দাস, পুরুলিয়া, ১৮ মে: বিষয় ভাবনাকে সামনে রেখে ৪৫ তম আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী উদযাপন করছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। ১৬ থেকে ২o মে এই দিনগুলিতে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। প্রবন্ধ রচনা, বিজ্ঞান প্রদর্শন, বসে আঁকো, স্লোগান লেখা, কুইজ প্রতিযোগিতা ছাড়াও আকাশ পর্যবেক্ষণ হয়। অংশগ্রহণকারীদের ‘মাই কালেকশন’ এর উপর প্রদর্শনী, প্রজাপতি সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কয়েকদিন দর্শকদের জন্য প্রবেশ মূল্য না নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলিতে অংশ নেয় পুরুলিয়া শহর ও গ্রামাঞ্চল থেকে আসা বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।

এই উপলক্ষ্যে আজ বিআইটিএম’এর প্রাক্তন নির্দেশক সমর বাগচী ‘বিপন্ন মানব অস্তিত্ব- মুক্তির উপায়’ শীর্ষক একটি জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা রাখেন। ভার্চুয়ালি এই বক্তৃতায় দর্শক হিসেবে যোগ দেন জেলার এবং রাজ্যের আগ্রহীরা। জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘সংগ্রহশালা এবং বিজ্ঞান কেন্দ্রের মেল বন্ধন কীভাবে হতে পারে সেই বিষয় জনসাধারণের মধ্যে চারিয়ে দিতে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস পালিত হয়ে আসছে। স্থানীয় ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষকে পরিচিতি লাভ করানোও এর অন্যতম উদ্দেশ্য। পুরুলিয়ায় শহর ছাড়িয়ে গ্রামের পড়ুয়ারা সংগ্রহালয় মুখী হচ্ছে এখন- এটা সাফল্যকে আরও বৃদ্ধি করে তুলবে।’


