আমাদের ভারত, ২ এপ্রিল: অস্ট্রেলিয়ার সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো ভারতের। বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল ও অস্ট্রেলিয়ার বাণিজ্য শিল্প মন্ত্রী ড্যান তেহানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পীযুষ গোয়েল আশা প্রকাশ করেছেন এই চুক্তির ফলে ১০ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে এবং রাতারাতি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ একলাফে অনেকটাই বেড়ে যাবে।
শনিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দুদেশের বাণিজ্যে মন্ত্রীদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। সেখানেই চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির ফলে আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থা রক্ষায় অবদান রাখতে পারব। পাশাপাশি পারস্পরিক সহায়তার জায়গাটিও আরও মজবুত করা সম্ভব হবে। তার মতে এই চুক্তির ফলে পড়ুয়া, পেশাদার ও পর্যটকদের ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের পথ আরো সুগম হলো।
পীযূষ গোয়েলের কথায়, “আমি আশা করছি আগামী ৪-৫ বছরের মধ্যেই দেশের ১০ লক্ষ চাকরির সুযোগ বাড়বে। ভারতীয় শেফ ও যোগ প্রশিক্ষকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে”।এই চুক্তির ফলে বিনিয়োগ দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করেন তিনি। ২৭ বিলিয়ন এর পরিবর্তে এবার ৪৫-৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি শিক্ষা প্রযুক্তি অন্যান্য ক্ষেত্রেও লাভবান হওয়ার বিষয়ে আশাবাদী পীযূষ গোয়েল।
নতুন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দরজা খুলে দেবে অস্ট্রেলিয়ার কৃষক ও উৎপাদক অন্যদের জন্য।

