Plane, Chicken’s Neck, রহস্যময় বিমান ঢুকল ভারতীয় আকাশ সীমায়, ঘুরপাক খেল স্পর্শকাতর চিকেনস নেকের উপর, কেন?

আমাদের ভারত, ১৫ নভেম্বর: সিকিমের ভারত- চীন সীমান্তে একটি বিমানের গতিবিধিকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। সূত্রের খবর, গত ১২ নভেম্বর চিনের দিক থেকে সিকিম সীমান্তের ওপর উড়ে আসে বিমানটি। ভারতের আকাশে প্রায় ২০-২৫ মিনিট চক্কর কাটে। সতর্ক করার পরেও বিমানটি সরে যায়নি। কাদের ছিল ওই বিমানটি? কেন এসেছিল? সেই বিষয়ে কিছুই জানা না গেলেও বিষয়টি যে উদ্বেগের তা বলার অপেক্ষা রাখে না।

বায়ুসেনার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিভিন্ন সূত্রে ঘটনাটি নিশ্চিত করছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে চক্কর কাটছিল বিমানটি। সকাল আটটা নাগাদ বায়ুসেনার নজরে আসে সেটি। বিমানের গতিবিধি বায়ুসেনার র‌্যাডারে ধরা পরার পর একাধিক বার তাদের রেডিও বার্তা পাঠানো হয়। অবিলম্বে ভারতের আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেও ২০ মিনিট সেটি চক্কর কেটেছে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, সেটি চিনের সামরিক কোনো বিমান হতে পারে। সামরিক নজরদারির বিমানে হতে পারে। তবে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।

ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক প্রথমে এই তথ্য প্রকাশ করে। বিমানের গতিবিধি যে এলাকায় ধরা পড়েছে সেখান থেকে শিলিগুড়ি করিডোর যা চিকেনস নেক নামে পরিচিত তার উপর নজরদারির সুযোগ রয়েছে। ওই করিডোর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি প্রান্তের যোগাযোগের প্রথম পথ। কৌশলগত দিক থেকে করিডরের গুরুত্ব অনেক বেশি। ফলে বিষয়টি ওই বিমানটি ভুল করে আকাশ সীমা লঙ্ঘন করার মতো নেহাত ছোট বিষয় নাও হতে পারে।

এই ঘটনা ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছেও উদ্বেগের। এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। গত ৮ নভেম্বর সিকিমে ভারতীয় সেনার সাথে দীপাবলি পালন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেনাপ্রধান, পূর্বাঞ্চলীয় বায়ুসেনার আধিকারিক, কমান্ডার সহ ভারতীয় বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে তার আগের দিন শিলিগুড়িতে বৈঠক হয়েছে। আর তার তিনদিন পরেই রহস্যময় বিমান ঢুকলো ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে। যা উদ্বেগ বটেই।

যদিও বায়ু সেনার বড় অংশ মানতে নারাজ কুড়ি থেকে পচিশ মিনিট আকাশ সীমায় চক্কর কেটেছে বিমানটি। তাদের মতে অল্প সময়ের জন্য কোনো বিমান ঢুকে থাকতে পারে। তা যদি এতোক্ষণ ভারতের আকাশে থাকতো ততক্ষণে হাসিমারা সহ বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় যুদ্ধ বিমান গিয়ে আকাশে সেটিকে ঘিরে ফেলতে পারতো। তবে অল্প সময়ের জন্যেও যদি কোনো বিমান ঢুকে থাকে সেই বিষয়টিও নেহাত ছোট বা উদ্বেগের নয় বলেই মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকদের বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *