Encounter, Bolpur, এনকাউন্টার! এবার পুলিশের গুলিতে মৃ*ত নানুরে কনস্টেবলকে গুলি কাণ্ডের অভিযুক্ত

আমাদের ভারত, বীরভূম, ১৫ নভেম্বর: রাজ্যে ফের এনকাউন্টার! এবার পুলিশের গুলিতে মৃত নানুরে কনস্টেবলকে গুলি কাণ্ডের অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই রতনকে এনকাউন্টার করল পুলিশ। এই নিয়ে রাজ্যে ৫ জনের মৃত্যু হলো পুলিশের এনকাউন্টারে৷

জানা গিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে নানুর এলাকায় এনকাউন্টার করা হয়৷ এরপর প্রথমে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক গৌরব তরফদার বলেন, “নানুর থানা আগেই মৃত্যু নিশ্চিত করেছে। তাও আমি দেখলাম। মৃতের নাম রতন শেখ। ময়নাতদন্ত না হলে বলা যাবে না কীভাবে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।”

প্রসঙ্গত, ১৩ নভেম্বর রতন শেখকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত হন শান্তিনিকেতন থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস৷ তার বাঁ পায়ের হাঁটুর উপরে গুলি করে চম্পট দেয় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ।
তার বাড়ি নানুর থানার সাঁওতা গ্রামে৷ রতনের বিরুদ্ধে নানুর- সহ বোলপুর ও শান্তিনিকেতন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক কারবারের একাধিক অপরাধমূলক অভিযোগ আছে৷ ২০২৩ সালের একটি মামলায় জামিনে মুক্ত হয়েছিল রতন। অন্য একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সাদা পোশাকে বাইক নিয়ে বোলপুরের লায়েকবাজারের বটতলায় রতনকে ধরতে যায় ৩ জন পুলিশ কর্মী। সেই সময় বন্দুক বের করে পুলিশকে তাক করে রতন৷ ধস্তাধস্তিতে পুলিশ কনস্টেবলের পায়ে গুলি করে চম্পট দেয় রতন৷ আহত কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ এই ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয় বোলপুর শহরে৷

এই ঘটনার পরদিন অর্থাৎ, ১৪ নভেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে জখম পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই পুলিশকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমান জেলার নবাবহাট এলাকা থেকে রতনকে গ্রেফতার করে পুলিশ। তার কয়েক ঘণ্টার মধ্যে এনকাউন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *