পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: আজ সন্ধ্যায় মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া হিন্দি স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর সূচনা করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজ থেকেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল। আগামী পাঁচ দিন ধরে চলবে এই পুজোর উৎসব। ১৯ তারিখ পর্যন্ত পুজোর নানা আয়োজন থাকবে এবং ২১ তারিখ অনুষ্ঠিত হবে প্রতিমা বিসর্জন।
তিনি আরও বলেন, এ বছরও জগদ্ধাত্রী পুজোকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহরজুড়ে তৈরি হচ্ছে বিশাল বিশাল আকর্ষণীয় প্যান্ডেল। পাশাপাশি নতুন নতুন পুজোর সূচনাও হচ্ছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গজুড়ে সনাতনীদের মধ্যে নতুন করে ধর্মীয় উৎসাহ ও উন্মাদনা সৃষ্টি হয়েছে।

একদিকে যেমন ছটপুজোর আবহ চলছে, অন্যদিকে তেমনই শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। সুন্দর ও আনন্দঘন পরিবেশে সাধারণ মানুষ উৎসবে শামিল হচ্ছেন। সব মিলিয়ে মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।


