সাথী দাস, পুরুলিয়া, ১৪ মে: মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় পুরুলিয়া জেলার কাশীপুরের কৃষক বাজারে এবার বসানো হল মাস্ক এটিএম (অল টাইম মাস্ক)। এই মাস্ক এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে মানুষজনরা মাস্ক নিতে পারছেন। অভিনব এই ভাবনা নিয়ে সামাজিক সচেতনতায় এগিয়ে এল মানবিক আস্থা ফাউন্ডেশন।

হাটে বাজারে আসা মাস্ক না থাকা ক্রেতা বিক্রেতারা একেবারে বিনে পয়সায় এই পরিষেবা পাচ্ছেন। বাজারে ঢোকার মুখে একটি বক্সের মধ্যে হাত ঢুকিয়ে মাস্ক তুলতে পারছেন প্রাপকরা। যার ফলে একদিকে যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে তেমনি অপরদিকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন উদ্যোগী সংস্থার সভাপতি বিশ্বরূপ চ্যাটার্জি।

বাজার শুরু হওয়ার এক ঘন্টা আগে চালু করা হচ্ছে এই মাস্ক এটিএম। সরকারি নির্ধারিত সময়ে তা চালু থাকছে। সংস্থার সদস্যরা গোটা বিষয়টি পরিচালনা করছেন।

