জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: বিধাননগর পুরোনিগমের নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছে তাতে যতটা আশা করা হয়েছিল ফল তা হয়নি বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সঙ্গে নিয়ে সকালে চা চক্রে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নির্বাচনের ফলাফল নিয়ে এই মত প্রকাশ করেন।
তিনি বলেন, এখানকার পৌর নির্বাচন নয়, অন্য রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও বিজেপি আগের থেকে আরো ভালো ফল করবে। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় চা চক্রে যোগ দেওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বিক্ষোভ কর্মসূচিতে সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি সমিত দাস, পৌরসভার প্রার্থী মিলন মাইতি, দেবাশীষ দাস, অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

