জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগ করলেন চন্দ্রকোনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শেখ ওসমান গেনি। সোমবার তিনি সাংবাদিকদের জানান, শনিবার পুলিশ তাকে ডেকে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু আমি পুলিশের কথা শুনিনি। কারণ আমি নির্বাচনের নিয়ম কানুন জানি এবং আমিই জিতব। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি ঘাটালের মহকুমা শাসক ও রাজ্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে এসেছি।
ওসমান গেনি বলেন, নব্বই সাল থেকে সাত বার প্রতিদ্বন্দ্বীতা করে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আঠারো সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিই, কিন্তু দল আমাকে প্রার্থী করেনি বলে নির্দল হিসাবে দাঁড়িয়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছি। আমার বিপক্ষে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম প্রার্থী থাকলেও আমার দৃঢ় বিশ্বাস সাধারণ মানুষের আশীর্বাদে এবারেও আমি জিতব।
ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানান, ওই নির্দল প্রার্থীকে কোনও রকম চাপ দেওয়ার খবর তার জানা নেই।

