পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারি: “দল থাকলে সবাই থাকবো, না থাকলে কেউই থাকবো না”, বালুরঘাটে পুরভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে মন্ত্রী শশী পাঁজা’কে পাশে বসিয়ে স্পষ্ট বার্তা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের।
সোমবার পুর ভোটকে সামনে রেখে বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়ামে সাংগঠনিক কর্মী সভার ডাক দেয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। যেখানেই পুর ভোটের প্রাক্কালে প্রার্থী নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীদের মধ্যে যে বিভেদ তৈরি হয় তা দূর করতেই এদিন একজোটে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও বিপ্লব মিত্র। এদিনের এই কর্মীসভায় রাজ্যের দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, শহর তৃণমূল সভাপতি বিমান দাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাকেশ শীল, যুব সভাপতি অম্বরিশ সরকার সহ অনান্য জেলা নেতৃত্বরা।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার সাথে নির্বাচন রয়েছে বালুরঘাট পুরসভাতেও। শহরের ২৫ টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সামনে আসে একাধিক বিক্ষোভের ঘটনা। দুটি ওয়ার্ডে প্রকাশ্যে আসে গোঁজ প্রার্থী দেওয়ার ঘটনাও। যা নিয়ে কার্যত হিমশিম খেতে হয় জেলা তৃণমূল নেতৃত্বদের। এদিকে দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায় বাদ পড়েছে একাধিক নাম। শুধু তাই নয় বিদায়ী কাউন্সিলরদের কেউই জায়গা পায়নি এবারের পুর নির্বাচনে লড়াই করার। যাকে ঘিরেও ক্ষোভের সৃষ্টি হয়েছে একাংশ নেতা কর্মীদের মধ্যে। আর যার জেরে শহরের ২৫ টি ওয়ার্ডে চোরা স্রোতের আশঙ্কাও করছেন নেতৃত্বরা। আর যা ড্যামেজ কন্ট্রোল করতেই এদিন বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়ামে কর্মী সভার ডাক দেয় জেলা তৃণমূল নেতৃত্ব। যেখানে মূল বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাজা এবং কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র। যে সভায় হাজির ছিলেন, শহরের ২৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, বিদায়ী কাউন্সিলর সহ শহর ও জেলা তৃণমূল নেতৃত্বরা। এদিনের সভায় বক্তব্য রাখবার সময় কর্মীদের উদ্দেশ্যে অতি সুস্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী। মন্ত্রী বিপ্লব মিত্র ও শশী পাঁজা জানিয়েছেন, দল থাকলে সবাই থাকবো, কিন্তু দল না থাকলে কেউই থাকবো না। তাই দলকে ধরে রাখতে হলে বালুরঘাটে পুরবোর্ড গড়তেই হবে তৃণমূল কে। শহরের ২৫ টি ওয়ার্ডই জিততে হবে, তার জন্য যা প্রয়োজন দল তার ব্যবস্থা করবে, বলেও জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র।
কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটা দেখার দায়িত্ব আমাদের তৃণমূল কর্মীদেরই। শুধু তাই নয় বিরোধীরা যেন আমাদেরকে কেউ কালিমালিপ্ত না করতে পারে তা নিয়েও কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

