Deputation, Midnapur, একাধিকবার নাগরিক পরিষেবার দাবি, মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরপ্রধানের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: জলনিকাশি, রাস্তা, পথবাতি-সহ একাধিক নাগরিক পরিষেবার দাবিতে সোমবার মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের কাছে ডেপুটেশন জমা দিলেন ১০ নম্বর ওয়ার্ডের সৃজন পল্লী এলাকার বাসিন্দারা। জেলা কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সৃজন পল্লী এলাকায় বসবাস করলেও তাঁরা ন্যূনতম পুর পরিষেবা থেকে বঞ্চিত। বিশেষ করে জলনিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়াও এলাকার অধিকাংশ রাস্তার বেহাল দশা এবং পর্যাপ্ত পথবাতির অভাবে নিত্যদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

জেলা কংগ্রেসের সম্পাদক সঞ্জীব শিট জানান, এলাকার বিভিন্ন অংশে এখনও পর্যন্ত জলনিকাশির জন্য কোনো স্থায়ী নর্দমা তৈরি হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, “এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই আজ আমরা পুরপ্রধানের কাছে ডেপুটেশন দিয়েছি। পুরপ্রধান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষের এই দাবিকে স্বীকৃতি দেওয়া কংগ্রেসের নৈতিক জয়।”

ডেপুটেশন গ্রহণের পর মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “সৃজন পল্লী একটি নতুন গড়ে ওঠা বসতি। সব ধরনের পরিকাঠামো গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। তবে বাসিন্দাদের সমস্যার কথা বিবেচনা করে আপাতত কাঁচা নর্দমা তৈরি করে জলনিকাশির ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে এলাকার অন্যান্য নাগরিক পরিষেবার উন্নয়নের কাজও করা হবে।”

পুরপ্রধানের আশ্বাসে এলাকাবাসী সমস্যার দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *