BJP, Humayun Kabir, Bangaon, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ, গ্রেফতার ও বিধায়ক পদ খারিজের দাবি বিজেপির

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: রেজিনগর ও শক্তিপুর, এই দুই পৃথক জায়গায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কুরুচিকর, উসকানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বনগাঁ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি শোভন বৈদ্য।

বিজেপি নেতা শোভন বৈদের অভিযোগ, সম্প্রতি একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুর্শিদাবাদের পুলিশ সুপার, বিজেপির জেলা সভাপতি- সহ একাধিক ব্যক্তিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেন। পাশাপাশি বিজেপি কর্মীদের ওপর হামলার উসকানি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, ওই বক্তব্যে হুমায়ুন কবির বলেন, তিনি চাইলে মুর্শিদাবাদে বিজেপির পতাকা লাগানোর মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এছাড়াও অতীতে হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগও তাঁর বিরুদ্ধে তুলে ধরা হয়েছে।

বনগাঁ থানায় অভিযোগ দায়ের করার পর শোভন বৈদ্য বলেন, “একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের ভাষা ও বক্তব্য কখনও গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারাও এই ধরনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।” তিনি আরও জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা এবং তাঁর বিধায়ক পদ খারিজের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *