সঞ্জীবন হাসপাতালের ক্যাথ ল্যাব উদ্বোধনে সাংসদ দেব

আমাদের ভারত, হাওড়া, ৩১ ডিসেম্বর: গত দুই বছরে কোভিড পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা পিছিয়ে আছি। প্রতিটি সরকার থেকে রাজনৈতিক নেতা সকলে হাসপাতালের প্রয়োজন অনুভব করতে করেছে। আমরা কতটা উন্নয়ন করেছি সেটা শুধুমাত্র জিডিপি দেখে বিচার করা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো দেখে সেটা বোঝা যাবে। শুক্রবার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের অত্যাধুনিক ক্যাথ ল্যাব উদ্বোধন করতে এসে এই কথা বলেন সাংসদ দীপক অধিকারী (দেব)।

এদিন দুপুরে দেব সঞ্জীবন হাসপাতালে আসার পর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের কর্নধার ডাঃ শুভাশীষ মিত্র এবং ডাঃ ডালিয়া মিত্রর সঙ্গে হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করেন।পরে হাসপাতালের অত্যাধুনিক ক্যাথ ল্যাব উদ্বোধন করেন দেব।

এদিন দেব বলেন, আগে চিকিৎসা করাতে হলে দুই মেদিনীপুর হাওড়ার লোকেদের কলকাতায় ছুটতে হত এবং প্রচুর টাকা খরচ করতে হত। আর এখন স্বাস্থ্য সাথী কাড থাকলে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসা পাবেন। অত্যাধুনিক ক্যাথ ল্যাব প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের কর্ণধার ডাঃ শুভাশীষ মিত্র জানান হৃদরোগের সমস্যায় ভোগা রোগীরা স্বাস্থ্য সাথী কাডের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, আমতার বিধায়ক সুকান্ত পাল, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *