বর্ষবরণের রাতে পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বর্ষবরণের রাতে পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। সূত্রের খবর, শুক্রবার ঘাটাল-পাঁশকুড়া বাসস্ট্যান্ড ও অরবিন্দ স্টেডিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। রাস্তায় লোকজনের ভিড় ছিল। সন্ধে নাগাদ ঘাটালের ঘড়িমোড়ে একটি বাইক আরোহীর সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এক মহিলা সহ মোটর বাইক আরোহী ঘাটাল মহকুমা হাসপাতালের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় চন্দ্রকোনানাগামী একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী দু’জন। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান মোটরবাইকে থাকা মহিলা যাত্রী। গুরুতর জখম বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তাঁদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। এবছর ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বর্ষবরণের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে, মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘাটালের মহাকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বর্ষবরণের দুটি অনুষ্ঠানই বাতিলের নির্দেশ দিয়েছেন। দু’টি অনুষ্ঠানেই বিভিন্ন এলাকার মানুষজন ভিড় করেছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *