BJP, Khargapur, বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ উপলক্ষে খড়্গপুরে মোটরসাইকেল র‍্যালি, নেতৃত্বে দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার দুপুরে খড়্গপুর শহরে একটি বিশাল মোটর সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

দলীয় সূত্রে জানা যায়, খড়্গপুর পৌরসভার নিকটস্থ রাস ময়দান থেকে র‍্যালিটি শুরু হয়। সেখান থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি শেষ হয় ইন্দা কলেজের সামনে। র‍্যালি জুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

প্রায় এক হাজারেরও বেশি বিজেপি কর্মী- সমর্থক এই মোটর সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে শহর জুড়ে তারা র‍্যালি করেন।

দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র কর্মসূচি নেওয়া হয়েছে। খড়্গপুর শহরে অনুষ্ঠিত এই মোটর সাইকেল র‍্যালির মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিনের র‍্যালিতে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *