Giriraj Singh, BJP, ক্ষমতায় এলে তৃণমূল গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে: গিরিরাজ সিং

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: শুক্রবার বিকেলে বিজেপি-র পরিবর্তন যাত্রার মেদিনীপুর বিভাগের রথ ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরে পৌঁছোয়। সন্ধ্যা নাগাদ সেই রথ পৌঁছোয় নারায়ণগড়ে। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নারায়ণগড় বাজারের রাইস মিল মাঠে হয় বিজেপি-র সভা। সেই সভা থেকেই কর্মীদের উজ্জীবিত করতে গিরিরাজ সিং মন্তব্য করেন, চিন্তা করবেন না, ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, ‘চিন্তা মাত করো, বঙ্গাল মে টিএমসি কি গুন্ডোকো উলটে লটকা দিয়া জায়েগা…!’

রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন গিরিরাজ সিং। তিনি বলেন, বেরোজগারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পদক্ষেপ নেই! সেই সঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন গিরিরাজ সিং।

অন্যদিকে, শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্না দিচ্ছেন। পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘ওরা তো অনেকদিন ধরেই আন্দোলন করছে। এ এক বাংলার ভয়াবহ চিত্র! বাংলা চাকরি চায়। বাংলা নারীসুরক্ষা চায়। বাংলা অনুপ্রবেশ-মুক্তি চায়। বাংলা টাটাকে ফেরাতে চায়। বাংলার কৃষকরা ধান, আলুর সঠিক দাম চায়।’

এদিন চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে প্রস্তাবিত ক্যাপ্টেন টিএমটি বার সংস্থার কর্মীদের হঠাৎ বিদায় নেওয়া প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘আমি সকালেই ছবি পেয়েছি। ওখানে সবাইকে তৃণমূল ঢুকিয়েছিল। এখন বুঝুক! কিছুদিন পর শালবনীতেও একই ঘটনা ঘটবে। উনি শুধু শ্মশান করতে জানেন, গড়তে জানেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *