‘অপা’র মাটির নীচে টাকা? চলল ইডির তল্লাশি

আশিস মণ্ডল, বীরভূম, ৩ আগস্ট: সাতসকালেই গাড়ির পর গাড়ি নিয়ে বোলপুরে পা রাখে ইডি-সিবিআই অধিকারিকরা। শান্তিনিকেতনের বিশ্বভারতীর গেস্ট হাউস ‘রতন কুঠি’তে এক প্রস্থ বৈঠক সেরেই নানা দলে ভাগ হয়ে বীরভূমে নানা প্রান্তে ছোটেন আধিকারিকরা। তারই মধ্যে ইডি’র এক তদন্তকারী দলের নিশানা হয় ‘অপা’। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই সংবাদ শিরোনামে এসেছে ‘অপা’। ‘অপা’ মানে বোলপুরের ফুলডাঙায় থাকা সেই বাংলো বাড়ি যার মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এই বাংলো বাড়ি যে তাদেরই মালিকাধীন তার নথিও প্রকাশ্যে এসেছে। ফলে এসএসসি দুর্নীতি তদন্তে বিপুল পরিমাণ টাকা আদান প্রদানের তদন্তে আতসকাঁচের তলায় এসেছে পার্থ-অর্পিতার এই বাগান বাড়িটি।

বুধবার বোলপুরে পা দিয়েই ইডির তদন্তকারীদের একটি দল যায় ‘অপা’য়। সকাল দশটা থেকে শুরু হয় তল্লাশি। প্রথমেই খটকা লাগে বাড়িটিতে প্রবেশের মুখে মাটি খোঁড়াকে কেন্দ্র করে। পরে জানা যায়, গাছ লাগানোর জন্য কিছু জায়গায় মাটি খোঁড়া হয়েছিল। সেই গর্তগুলির দিকে চোখ যায় ইডি’র আধিকারিকদের। পরে গর্তগুলি নিয়ে জিজ্ঞাসা করা হয় কেয়ার টেকারকে। পরে বুঁজিয়ে দেওয়া হয় গর্ত। তবে গর্ত বোজানোর আগে ঘটনাস্থল ভাল করে খতিয়ে দেখেন তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশি চলে ‘অপা’য়।

ইডি সূত্রে জানা গেছে, বেশ কিছু নথি তদন্তকারীরা সংগ্রহ করেছে। ঘন্টা পাঁচেক তল্লাশির পর আনা হয়েছে কম্পিউটার প্রিন্টার। যে সমস্ত নথি বাজেয়াপ্ত হয়েছে তার সিজার লিস্ট তৈরির জন্যই এই প্রিন্টার আনা হয়েছিল বলে জানা গেছে সূত্র মারফত। শুধুমাত্র ‘অপা’য় নয়, বোলপুরে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে পার্থর। গোয়ালপুকুরের কাছে সরপুকুর ডাঙায় একটি আবাসন প্রকল্পে পার্থ চট্টোপাধ্যায়ের বিনিয়োগ রয়েছে বলে স্পষ্ট দাবি করেছেন এলাকার মানুষ। এছাড়াও সোনাঝুড়িতে রয়েছে বিশাল প্লট। যার মূল্য বিপুল। এছাড়াও আরও কিছু বাড়ি ও ফ্ল্যাট র‍য়েছে পার্থ চট্টোপাধ্যাযয়ের। যেমন সোনাঝুড়িতে থাকা ‘তিতলি’, ‘লাবণ্য’ নামে বাড়ি। রয়েছে ‘ইচ্ছে’ আবাসনে চারটি বাড়ি। এমন মোট সাতটা বাড়ির মালিক হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বলে জোরালো দাবি করেছেন এলাকার মানুষ। এছাড়াও জাম্বুনিতে রয়েছে একটি বিরাট মাপের ফ্ল্যাট। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি তারই তদন্তে নেমে ইডি’র আধিকারিকরা প্রথম পা দিয়েছেন ‘অপা’য়। তল্লাশি চলছে এখনও।

এখন পর্যন্ত ‘অপা’ থেকে বেশ কিছু নথি আধিকারিকরা নিজেদের হেপাজতে নিয়েছে বলে জানাগেছে সূত্র মারফত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *