নানুরে অনুব্রত ঘনিষ্ঠ করিম খানের বাড়িতে সিবিআই তল্লাশি

আশিস মণ্ডল, বীরভূম, ৩ আগস্ট: সাতসকালে সিবিআইয়ের দল হানা দিল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ করিম খানের বাড়িতে। বর্তমানে তিনি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ পদে রয়েছেন। তল্লাশি চালানো হয় করিম খানের কর্মচারির বাড়িতেও। দুটি বাড়ি থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে যায় সিবিআই।

বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির দল বোলপুরে আসে। দুটি দলের একটি যায় নানুর থানার সাঁতরা গ্রামে করিম খানের বাড়িতে। বাড়িতে ছিলেন না কেরিম খান। সিবিআই প্রথমেই গোটা বাড়ি ঘিরে ফেলে। এরপর ছয় সদস্যের সিবিআই দল ভিতরে ঢুকে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বেশ কিছু সম্পত্তির হিসাব পায় সিবিআই। ফোনে করিম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। না পেয়ে বেশ কিছু নথি, জমির দলিল নিয়ে ফিরে যান সিবিআই আধিকারিকরা।

দ্বিতীয় দলটি যায় নানুর থানার আটকুলা গ্রামে। সেখানে জিয়াউল হকের বাড়ি। জিয়াউল দীর্ঘদিন করিম খানের বাড়িতে হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন। বর্তমানে তিনি বাড়িতে গ্যাসের ব্যবসা করেন। সিবিআই দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করে। যাওয়ার সময় জানিয়ে যায় ডাকলে কলকাতা যেতে হবে। জিয়াউল বলেন, “আমি করিম খানের ছেলের গাড়ি দেখাশোনা করতাম। অনেকটা হিসাবরক্ষকের কাজ করতাম। সেই সব বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি যতটা জানি সব সিবিআইকে জানিয়েছি। ডাকলে কলকাতা গিয়েও তদন্তে সহযোগিতা করব। তবে করিম খানের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি কেরিম খানের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *