আমাদের ভারত, ২৮ ডিসেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কেনা হলো গার্ড। না- না কোনো দেহরক্ষী নয়। তবে অবশ্যই এই গার্ড মোদীকে সার্বিকভাবে রক্ষা করবে। হ্যাঁ এবার থেকে এই গার্ডে বসেই ঘুরে বেড়াবেন নরেন্দ্র মোদী।
ঝকঝকে কালো রঙ, জানলাও কালো কাঁচে ঢাকা, চার চাকার লিমুজিন। হ্যাঁ এটি মোদীর নতুন বাহন, নতুন গাড়ি। মোদীর একঝাঁক বাহনের তালিকায় নতুন সংযোজন। এই গাড়িটি তৈরি করেছে মার্সিডিজ। গাড়ির পুরো নাম মার্সিডিজ মে-ব্যাচ এস ৬৫০ গার্ড। এটি মার্সিডিজের এস সিরিজের সাম্প্রতিকতম মডেল।
সারা দুনিয়ায় মার্সিডিজের কদর বিরাট। সব দেশের রাষ্ট্রপ্রধানরাই এস সিরিজের গাড়ির ক্রেতা। কারণ বিশেষজ্ঞদের মতে এস সিরিজের মতো যাত্রী নিরাপত্তা খুব কম গাড়িতে রয়েছে।
মোদী বরাবরই তাঁর বাহনের বিষয় বিশেষ সৌখিন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই তার বাহন নির্বাচন ছিল নজরকাড়া। প্রথমদিকে একটি বুলেট প্রুফ মাহিন্দ্রা স্করপিওতে চাপ চড়তেন মোদী। ২০১৪-তে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর বাহন হয় বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি। বিএমডাব্লিউর উচ্চ নিরাপত্তা সম্পন্ন যে সমস্ত গাড়ি রয়েছে এটি ছিল তার মধ্যে একটি। গত সাত বছরে আরো দু’বার গাড়ি বদলেছেন মোদী। প্রথমে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ গাড়িটি কেনেন। এরপর কিনেছিলেন টয়োটা ল্যান্ড ক্রুজার। এই গাড়িটির বৈশিষ্ট্য ছিল ১৬টি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা। এটিতে ব্যবহারকারীর চাহিদামত পরিবর্তনের ব্যবস্থাও ছিল।
তবে এখন মোদীর নতুন বিশ্বস্ত সাথী গার্ড। গার্ডের সবচেয়ে বড় গুণ হলো এর গুলি মোকাবিলা করার বড় ক্ষমতা। একে ৪৭-র বুলেটকেও থামাতে পারে গার্ড। এমনকি বিস্ফোরণেও এই গাড়ি অবলীলায় টিকে থাকতে পারবে। ২ মিটার দূরত্ব থেকে কেউ যদি ১৫ কেজি বিস্ফোরক ফাটায় তাহলেও অক্ষত থাকবে গার্ড।
এছাড়াও গার্ডের জানলার ভিতর আছে পলিকার্বনেটের আস্তরন। মাইন বিস্ফোরণ থেকে বাঁচতে গাড়ির নিচের অংশে রয়েছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও গ্যাস হামলা হলে পরিস্রুত বাতাস সরবরাহ করবে গার্ড আরোহীকে। এই গাড়ির ইঞ্জিন ৬.৯ লিটার টুইন টার্বো ভি ১২, যা ৫০০ হর্সপাওয়ার এবং ৯০০ নিউটন মিটার শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু নিরাপত্তার জন্য গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার।
গাড়ির চারটি চাকা নিরেট বা ফ্ল্যাট টায়ার হবার কারণে টায়ার পাংচার করেও বিপদে ফেলা যাবে না।
রাতের অন্ধকারের দূর থেকে যে কোনও বস্তুকে চিহ্নিত করার ক্ষমতা রয়েছে গার্ডের। এমনকি চালকের উল্টোদিকের আয়নায় ব্লাইন্ড স্পট থেকেও যদি কেউ গাড়িতে হামলা করে সেটিও চালকের চোখে পড়বে।
এই মুহূর্তে গাড়ির দুনিয়ার এটা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানকারী গাড়ি।
বড় দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়ির পেছনে রয়েছে এয়ারব্যাগ সুরক্ষা। গাড়ির বেল্ট যাতে বুকে চাপ সৃষ্টি না করে তার জন্য বেল্টের ভেতরে আছে এয়ারব্যাগ। রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা প্রয়োজনীয়তা বিচার করেই এই ধরনের গাড়ি কেনার অনুরোধ করে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। মোদীর ক্ষেত্রেও তারাই এই গাড়ির কেনার পরামর্শ দিয়েছেন।
এই গার্ডের দাম ১২ কোটি টাকা। প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য এখন দুটি গাড়ি কেনা হয়েছে। এর মধ্যে একটি মোদী ব্যবহার করবেন। অন্যটি সম্ভাব্য হামলাকারীকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হবে।

