স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: রায়গঞ্জের সুদর্শনপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কোভিডে আক্রান্ত হল তিন জন পড়ুয়া। এরা সকলেই নবম শ্রেণিতে পড়াশোনা করে। পরিস্থিতি বিবেচনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এই পড়ুয়াদের সংস্পর্শে যারা এসেছিল তাদের সকলকেই কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও।
উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে প্রায় দুবছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নভেম্বর মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছে স্কুলগুলিতে। এরই মধ্যে আতঙ্ক বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ঘিরে। ইতিমধ্যেই দিল্লিতে ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রায়গঞ্জের একটি স্কুলে তিনজন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। স্কুলসূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নবম শ্রেণির এক ছাত্রীর কোভিড পজিটিভ রিপোর্ট আসাতে জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে তাকে স্কুল থেকে বাড়ি ফেরত পাঠানো হয়। এরপর ওই ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের টেস্ট করানো হলে আরো দুই পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে বুধবার। এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
স্যানিটাইজ করা হয়েছে বিদ্যালয় চত্বর ও শ্রেণিকক্ষ।

বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য প্রদীপ দত্ত বলেন, “জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ঐ ছাত্রীর কোভিড পজিটিভভের রিপোর্ট জানতে পারি। যদিও ছাত্রীটির কোনো উপসর্গ ছিল না। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মতো আক্রান্ত ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার সংস্পর্শে আসা অন্যান্য পড়ুয়াদের টেস্ট করা হলে আজ আরো দুজনের রিপোর্ট পজিটিভ আসে। এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

