আমাদের ভারত, ২২ এপ্রিল: শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে আসতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ টুইট করে একথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী
টুইটে মোদী লিখেছেন শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে তিনি এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন। সেই কারণেই তিনি পশ্চিমবঙ্গে আসতে পারছেন না আগামীকাল। সংক্ষিপ্ত টুইটে যদিও তিনি ভোট প্রচার ইত্যাদির কোনো উল্লেখ করেননি।
করোনা সংক্রমনের কারণে প্রচারে ইতিমধ্যেই কাটছাঁট করেছে বাংলার সব রাজনৈতিক দলগুলি। সিপিএম এই কাজ প্রথম শুরু করেছিল। সব বড় সভা বাতিল করেছিল তারা আগেই। এরপর সেই পথে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিজে করোনায় আক্রান্ত হবার আগে বাংলা সফর বাতিল করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই পথে হাঁটলেন। বিরোধীরা যদিও তার বিরুদ্ধে সরব হয়েছিল যে মোদী শাহ দেশজুড়ে কোভিডের এই পরিস্থিতিতেও বাংলাতেই পরে আছেন। কিন্তু প্রধানমন্ত্রীর আজকের পদক্ষেপ স্পষ্ট করে দিল বাংলার নির্বাচনের চেয়ে তিনি অনেক বেশি গুরুত্ব দিলেন দেশের করোনা পরিস্থিতিকে, দেশের কাজ তার কাছে আগে।
Tomorrow, will be chairing high-level meetings to review the prevailing COVID-19 situation. Due to that, I would not be going to West Bengal.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021

