সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক মোদী, মমতা, সুকান্ত ও শুভেন্দু’র

আমাদের ভারত, ২৬ জুলাই: সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মানবাত্মার প্রতীক। অসংখ্য মানুষের রোগ উপশমকারী একজন দয়ালু ও উদার হৃদয় চিকিৎসক হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে মতবিনিময়ের কথা আমার আজও মনে আছে। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। ওঁর পরিবার এবং অনুরাগীবৃন্দের প্রতি শোক ও সমবেদনা জানাই। ওঁম শান্তি।

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “পরোপকারী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি দুঃখিত। বীরভূমের বিখ্যাত এক টাকার-ডাক্তার তাঁর জন-উৎসাহী, জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

প্রসঙ্গত, এদিন প্রয়াত হলেন এক টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বার্ধক্যজনিত রোগের পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কয়েক সপ্তাহ ধরেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর অসুস্থতার খবর নিয়ে প্রায় দিনই ফেসবুকে প্রচুর মানুষ পোস্ট করছিলেন। সুশোভন বন্দ্যোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মানিত করেছিল ভারত সরকার। 

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি গরিব রোগীদের মাত্র ১ টাকায় চিকিৎসা করতেন। গরিব, অসুস্থ ও দুঃস্থদের প্রতি তাঁর সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা এই কঠিন সময়ে শক্তি পেতে পারে। ওঁম শান্তি।”

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “পদ্মশ্রী ডঃ সুশোভন ব্যানার্জির দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকাহত, ‘এক টাকা ডাক্তার’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। গরিব রোগীদের মাত্র ১ টাকায় চিকিৎসা করার জন্য এই উপাধি তাঁকে বোলপুরের বাসিন্দারা স্নেহের সাথে দিয়েছিলেন। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওঁম শান্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *