আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের দিন বাংলায় উপস্থিত ছিলেন কেন্দ্রের মৎস্য মন্ত্রী রাজীব রঞ্জন সিং। সোমবার আবার তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। কলকাতায় এসে তিনি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে। ডবল ইঞ্জিন সরকারের একাধিক প্রকল্প পেয়েছে বাংলা বলে মুখ্যমন্ত্রী জানান। দেড় ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে তার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
বাংলার মৎস্য শিল্পের উন্নতিতে প্রায় নয় কোটি টাকা কেন্দ্র দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, শপথ গ্রহণের দিন বাংলায় এসে মৎস্য শিল্পের উন্নতিতে পদক্ষেপ করার কথা জানিয়েছিলেন কেন্দ্রের মৎস্য দপ্তরের মন্ত্রী। এবার সেটা বাস্তুবায়নের দিকে এক ধাপ এগোল।
মুখ্যমন্ত্রী জানান, আমাদের কোস্টাল এলাকাগুলিতে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে আমরা বৈঠকে আলোচনা করেছি। ব্যবসা সহ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ, মৎস্যজীবীদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সঙ্গে যুক্ত করা এবং প্রকল্পের সুবিধার বিষয়ে বিশদ বৈঠকে আলোচনা হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ায় ছয়টি অমৃত সরোবরের অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অমৃত সরোবর প্রকল্পের লক্ষ্য মূলত গ্রামীন এলাকায় জলে সঙ্কট দূর করা।
তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি। বৈঠকে কোনো একজন ডেপুটি পদমর্যাদার আধিকারিককে পাঠিয়ে দেওয়া হতো। সচিব পর্যায়ের আধিকারিক কিংবা ভারপ্রাপ্ত মন্ত্রীদের কখনো কেন্দ্রে বৈঠকে পাঠানো হয়নি।
গত চার মাসের কাজ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত চার মাসে পশ্চিমবঙ্গকে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এনেছি। পোর্টালে মৎস্যজীবীদের সংযুক্ত করেছি।
তিনি জানান, কেন্দ্রের মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জনকে হায়দ্রাবাদ থেকে যে ইনোভেটিভ আইডিয়া প্রয়োগ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মৎস্য রপ্তানি করা হচ্ছে, সেই ভাবনা বাংলাতেও বাস্তবায়িত করা যায় কি না সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।

