Kartik Maharaj, লেনিন- মার্কসের নামে আর কোনো রাস্তা থাকবে না, পুরসভায় এসেই বড় ইঙ্গিত নতুন দায়িত্বপ্রাপ্ত কার্তিক মহারাজের

আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: কলকাতা পুরসভায় কাজকর্ম করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘর পেলেন রাজ্য সরকার গঠিত রোড রিনেমিং কমিটি বা রাস্তা পুনর্নামকরণ মূল্যায়ন কমিটির নব নিযুক্ত চেয়ারম্যান তথা ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ। সোমবার পৌরসভা ভবনে নিজস্ব ঘরে প্রথমবার এসে বসেন তিনি। আর বসার পরেই কলকাতার বেশ কিছু ঐতিহাসিক এবং ব্যস্ততম রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়ে দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে একাধিক চর্চিত প্রস্তাবের কথা সংবাদ মাধ্যমকে জানান কার্তিক মহারাজ। তিনি জানান, বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি, কাল মার্কস স্মরণি, পাকসার্কাস সেভেন পয়েন্টের মত গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রাথমিক প্রস্তাব তাঁর দপ্তরে এসে পৌঁছেছে। পাশাপাশি নিহত আইপিএস বিনোদ মেহতার স্মরণেও একটি রাস্তার নামকরণের আর্জি জমা পড়েছে। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, আগামী দিনে কলকাতার সমস্ত বিতর্কিত পুরনো রাস্তার নামকরণ হবে ভারতের মহান মনীষীদের নামানুসারে ও ভারতের সনাতনী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিলোত্তমায় কোন মুঘল, পাঠান, কিংবা অত্যাচারী ব্রিটিশ শাসকের নামে কোনো স্থাপত্য বা রাস্তা আর থাকবে না। ভগিনী নিবেদিতা ব্যতীত কোনো বিদেশির নাম রাখা হবে না। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কার্তিক মহারাজ জানান, পুরোসভার এই দপ্তরে সাধারণ মানুষ এবং সামাজিক সংস্থা নিজেদের নাম পরিবর্তনের প্রস্তাব জমা দিতে পারবেন। খুব শীঘ্র সমস্ত ফাইল পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই বিশেষ মূল্যায়ণ কমিটি।

রাজ্যের বিভিন্ন রাস্তা, গুরুত্বপূর্ণ স্মরণীর নাম বদলকে কেন্দ্র করে অতীতে একাধিকবার রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে। পার্ক সার্কাসের সুরাবর্দির নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করার প্রস্তাব তার অন্যতম উদাহরণ। একইভাবে বীরভূমের রামপুরহাটে ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ রোডের নাম বদলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করার প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এই ধরনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হতে দেখা গেছে বারবার। ভবিষ্যতে রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ জায়গার নামকরণ ও নাম পরিবর্তনের ক্ষেত্রে যাতে বিভিন্ন দিক থেকে যাচাই করে দেখা যায় সেই কারণেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *