আমাদের ভারত, বাঁকুড়া, ৯ সেপ্টেম্বর: বিধানসভাতেই পরিবহন মন্ত্রী অর্জুন সিংহের হাতে সরকারি বাস চলানোর দাবিপত্র তুলে দিলেন বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ। বাঁকুড়া থেকে দুর্গাপুর ভায়া গঙ্গাজলঘাঁটি, মালিয়াড়া- বাঁকুড়া থেকে দুর্গাপুর ভায়া বেলিয়াতোড়, বড়জোড়া ও বাঁকুড়া থেকে কলকাতা ভায়া গঙ্গাজলঘাঁটি- মালিয়াড়া, এই রুট গুলিতে সরকারি বাস পরিষেবা নেই। এই বিস্তির্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সরকারি বাস চালানোর। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড়জোড়া বিধানসভার প্রার্থী বিল্লেশ্বর সিংহ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জিতলে এই রুট গুলিতে সরকারি বাস চালানোর সবিশেষ চেষ্টা করবেন। সেই মতো বুধবার বিধানসভায় তিনি পরিবহনমন্ত্রী অর্জুন সিং- এর সঙ্গে দেখা করেন এবং বেশ কয়েকটি রুটে সরকারি যাত্রীবাহী বাস চালানোর জন্য একটি লিখিত দাবিপত্র দেন।
বিল্লেশ্বর সিংহ বলেন, আগের সরকার এই রুটে সরকারি বাস চালানোর কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, দক্ষিণবঙ্গ পরিবহনের বাঁকুড়া ও দুর্গাপুর ডিপো থেকে বাঁকুড়া- দুর্গাপুর ভায়া বেলিয়াতোড় রুটে কয়েকটি সরকারি বাস চলাচল করলেও বাঁকুড়া দুর্গাপুর ভায়া গঙ্গাজলঘাঁটি, দুর্লভপুর- মালিয়াড়া রুটে এবং বাঁকুড়া- দুর্গাপুর ভায়া গঙ্গাজলঘাঁটি, রাম হরিপুর, বড়জোড়া রুটে কোনো সরকারি বাস চলে না। এছাড়াও এই এলাকার মানুষের কলকাতা যাবার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। কলকাতা যেতে হলে ৩০ কিমি দূরে দুর্গাপুর অথবা বাঁকুড়া থেকে ট্রেন ধরতে যেতে হয়। ফলে বাসিন্দাদের হয়রানির শেষ থাকে না।
বিল্লেশ্বর সিংহ বলেন, আমাকে মানুষ ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন ভোগ বিলাসের জন্য নয়। মানুষের অভাব অভিযোগ শুনে আমি পরিবহনমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে রুট উল্লেখ করে তালিকা দিতে বলেছিলেন। সেইমতো এদিন পরিবহনমন্ত্রীর হাতে তা তুলে দিলেন।

