শিক্ষার নামে সাংসদ তহবিলের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে অর্জুন সিং’কে চোর বলে কটাক্ষ বিধায়ক সোমনাথ শ্যামের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জানুয়ারি: বিজেপি সাংসদ অর্জুন সিং ও তার পুত্র বিধায়ক পবন সিং দু’জনকেই ফের একবার চোর বলে কটাক্ষ করলেন জগদ্দললের বিধায়ক সোমনাথ শ্যাম। সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন অভিযোগ তুলেছে যে সাংসদ অর্জুন সিংয়র সাংসদ তাহাবিল থেকে কোটি কোটি টাকা শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের নামে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি স্কুলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। অথচ সেই স্কুল গুলি বিষয়টি অস্বীকার করে যে তাদের কাছে কোনও অর্থ যায়নি। এমন কি অ্যাক্যাউন্টগুলোও সম্পূর্ণ ভুয়ো। স্কুলগুলি এই ধরনের কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেনি বলেও জেলা প্রশাসনকে জানায়। এরপর ব্যারাকপুর কমিশনারেটে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন এবং দুজনকে গ্রেপ্তার করা হয় বলে খবর।

এই খবর সামনে আসতেই এই ঘটনা সম্পর্কে বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন। “অর্জুন সিং নিজের লোকেদের দিয়ে স্কুলের নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা সরানোর কাজ করেছে, আর এখন নিজে বাঁচার জন্য নিজে থানায় উল্টো অভিযোগ করেছে। আসলে অর্জুন সিং যে চোর আবার তা প্রমাণ হয়ে গেলো। কারণ এই ঘটনায় ধৃত ব্যক্তি অর্জুন সিং ঘনিষ্ট।”

এদিন বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করে আরো বলেন, “অর্জুন সিংয়ের ছেলেও তার বিধায়ক তহবিল থেকে টাকা তছরুপ করেছে আর সেটাও প্রমাণ হয়ে যাবে। এমন কি ওনার জামাই ভাটপাড়া পৌর সভার অনেক টাকা কাজ করে দেওয়ার অজুহাতে বেনামে নিয়েছে আর কোনও কাজ করে দেয়নি। আর সেই টাকা ফেরত দেয়নি। তবে এখন ব্যারাকপুর কমিশনারেট এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। আর খুব শীঘ্রই প্রমাণ হবে যে এরা সাধারণ মানুষের টাকা মারে, কারোর উপকার করে না।”

তবে এই গোটা বিষয়টি সম্পর্কে মুখ খুলতে রাজি চাননি সাংসদ অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *