আমাদের ভারত, কলকাতা, ৭ জানুয়ারি: কলকাতায় এখন প্রতি দু’জনে সংক্রমিত এক জন। এই অবস্থায় কালিঘাট মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল আগামী ১১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। তবে সেবায়িত ও পুরোহিতরা প্রবেশ করতে পারবেন।
এই অবস্থায় কালিঘাট মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। তবে অনেকেই মনে করছেন কালিঘাট মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে গঙ্গাসাগর ফেরত পূণ্যার্থীদের ভিড় সামাল দিতে। কেননা প্রতি বছরই দেখা যায় গঙ্গাসাগর মেলার জন্য ভিন রাজ্যের লক্ষাধিক তীর্থযাত্রী হয় গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে, না হলে মেলা থেকে ফেরার পথে দল বেঁধে কালিঘাট মন্দির দর্শনে আসেন। এবারেও সেই সম্ভাবনা রয়েছে। সেই ভিড় আছড়ে পড়ার আগেই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল আগামী ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবে না। তবে বাইরে থেকে তাঁরা দর্শন করতে পারবেন, পুজোও দিতে পারবেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে বাংলায় এখন কোভিড পজিটিভিটির হার বেড়ে হয়েছে ২৪.৭১ শতাংশ। ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় শুধু ৬,৫৬৯ জন মানুষ কোভিডে আক্রান্তই হননি, কার্যত তাঁদের হাত ধরেই শহরের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪৮.০৯ শতাংশে। অর্থাৎ কলকাতায় এখন প্রতি দুজনে সংক্রমিত এক জন করে।

