ভাটপাড়ার হাই ড্রেনের ওপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করলো পুরসভা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জানুয়ারি: শুক্রবার ভাটপাড়া পৌর এলাকার শ্যামনগরের ঝাউতলায় হাই ড্রেনের ওপর জবরদখল করে গড়ে ওঠা নির্মাণ উচ্ছেদ করলো পুরসভা। ভাটপাড়ার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিভিন্ন নিকাশি নালার ওপর জবরদখল করে দোকান, ক্লাব, পার্টি অফিস গড়ে উঠেছিল বহু দিন আগে। সেখানে পৌর কর্মীরা প্রয়োজনে নালা গুলি ঠিক মত সাফাই করতে পারতো না ফলে দেখা দিচ্ছি নানান সমস্যা।

তাই ওই সমস্ত অবৈধ নির্মাণ গুলি সরিয়ে নেওয়ার জন্য উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল গত ২৯ ডিসেম্বর। সেই নোটিশে আগামী সাতদিনের মধ্যে সমস্ত দোকান ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল ভাটপাড়া পুর কর্তৃপক্ষ। উচ্ছেদের নোটিশের পর অধিকাংশ দোকানদার নিজেরাই ভেঙ্গে ফেলেন অবৈধ নির্মাণ। কিন্তু ওই নোটিশের তোয়াক্কা না করে যারা এই অবৈধ নির্মাণ রেখে দিয়েছিল সেই সমস্ত অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে নামে পৌর কর্তৃপক্ষ। এদিন পুর প্রশাসক গোপাল রাউত, জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার ডানের উপস্থিতিতে ভাঙার কাজ শুরু হয়েছে।

এক দোকানদার সমীর মন্ডলের অভিযোগ, ২০ বছর ধরে দোকান করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু পুরসভা দোকান ভেঙ্গে দিল।”

পৌর প্রশাসক গোপাল রাউত বলেন, ঝাউতলা খালের ওপর দোকানপাট থাকায় সাফাই করতে অসুবিধা হচ্ছিল। ঠিকমতো সাফাই না করায় খালটি মজে গিয়েছিল। ফলে প্রতি বর্ষায় পাচঁটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছিল। তাই পৌরসভার তরফ থেকে এই সিধান্ত নেওয়া হয়েছে। আমরা কারোর পেটে লাথি মারতে চাই না। কিন্তু কয়েকজনের স্বার্থে ৫০ হাজার মানুষকে বিপদে ফেলতে পারি না। আমরা শুধু বলেছি। নালার ওপর থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে। যারা সরায়নি সেগুলি আজ পৌর সভার পক্ষ থেকে ভেঙ্গে ফেলা হচ্ছে।”

প্রসঙ্গত, ভাটপাড়া পৌর সভার অন্তর্গত ২৩, ২৪, ২৫, ২৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা এই সমস্ত নালাগুলির ওপর নির্ভরশীল আর এই নালাগুলির ওপর অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান, পার্টি অফিসের ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছিল। সাফাই কাজ ব্যাহত হচ্ছিল। তাই ওই সমস্ত নালাগুলির ওপর থেকে সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে তারপর নালাগুলি পরিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *