আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জুলাই: ইসকন পরিচালিত রথ পরিক্রমা করল বাঁকুড়া শহর। লালবাজার শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ বা ইসকনের রথ এবার প্রথম বাঁকুড়া শহরের প্রধান রাজপথ পরিক্রমা করলো।

পুলিশি অনুমতি না মেলায় গত দু’বছর ধরে ঘুরপথে রথ পরিক্রমা করে। এই বছর রথের দড়ি টানেন বাঁকুড়ার জেলাশাসক, পুলিশ সুপার ও বিধায়ক সহ বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা। এই রথ লালবাজার সংঘ কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ইন্দারাগোড়া, রানীগঞ্জ মোড়, মাচানতলা, ইদগামহল্লা, জেলা স্কুল, কলেজ রোড হয়ে মামার বাড়ি রাজগ্রাম যাবে।

বাঁকুড়া ইসকন রথ উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত তিন বছর এই রথ উৎসব হচ্ছে। শহর পরিক্রমা করার অনুমোদন গত তিন বছর তারা পুলিশ প্রশাসন থেকে পাননি। এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে এই অনুমোদন পাওয়া গেছে। এই রথযাত্রায় সার্বিক সহযোগিতা করছে বজরং দল বলে ইসকনের তরফে জানানো হয়েছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

