সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ জুলাই: দলীয় কৰ্মীদের সঙ্গে বৈঠক সেরে ফেরার সময় বাঁকুড়ার সোনামুখি বিধানসভা কেন্দ্ৰের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তৃণমূলের লোকজনের হাতে আক্রান্ত হন। তাঁকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা গো ব্যাক ধ্বনি দিতে দিতে তার উপর চড়াও হয় বলে অভিযোগ। রবিবার সন্ধের পর এই ঘটনা ঘটে়। নিরাপত্তা বাহিনী কোনও রকমে তাঁকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানিকবাজার পঞ্চায়েতের কাস্টডাঙ্গা গ্ৰামে।

এই ঘটনার পরেই এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। উভয়পক্ষের দশজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। অপরদিকে তৃণমূলের বক্তব্য, নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি রক্ষা করতে ব্যাৰ্থ হওয়ায় মানুষ তাদের উপর ক্ষোভ প্ৰকাশ করেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি পুজিত অগস্তি বলেন, এই ঘটনা তৃণমূলের পূৰ্ব পরিকল্পিত। বিজেপির সাত জন কৰ্মী গুরুতর জখম হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দুজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্ৰাস চলছে, বাঁকুড়া তার বাইরে নয়। একজন বিধায়ক আক্ৰান্ত হওয়া গণতন্ত্ৰের চরম লজ্জা বলে পুজিত অগস্থি মন্তব্য করেন।

