আমাদের ভারত, বাঁকুড়া: ৭ সেপ্টেম্বর: হাসপাতালের হাল সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার মাঝরাতে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া। তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল চত্বর ঘুরে পরিষেবার হাল প্রত্যক্ষ করেন।
ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওই এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই, এমনকি এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর পার্শ্ববর্তী পাত্রসায়ের, কোতুলপুর ও পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার একাংশের বাসিন্দারা নির্ভরশীল। কিন্তু এই হাসপাতালে পরিকাঠামো সমস্যা দীর্ঘদিনের। এনিয়ে অভিযোগও রয়েছে বিস্তর। তাই এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিবেশ খতিয়ে দেখতে তিনি এসেছিলেন বলে জানান বিধায়ক। তিনি হাসপাতালে গিয়ে দেখেন যে কোন রোগী মেঝেতে বসে রয়েছেন তো কেউ চাটাই পেতে শুয়ে আছেন। গোটা বিষয়টি নিজের চোখে দেখেন বিধায়ক। এই স্বাস্থ্যকেন্দ্রে অনুমোদিত সংখ্যার থেকে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে। এই অবস্থা দেখে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রীকে জানাবেন বলে তিনি জানান। এমনকী সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোর প্রস্তাব রাখেন।
বিধায়ক বলেন, চিকিৎসা পরিষেবায় তেমন কোনো খামতি না থাকলেও হাসপাতালে বেডের অভাব রয়েছে। এতে বহু রোগীকে মেঝেতে শুয়েই পরিষেবা নিতে হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালটিকে গ্রামীণ হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাব গড়ে তোলার চেষ্টা করা হবে। তিনি বলেন, অনেক রোগী বেড পায়নি। বেড সংখ্যা সীমিত। সে কথা তিনি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে বলেছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর রোগী আসেন। তাই যদি এই হাসপাতালকে আগামী দিনে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা যায়।

