Ananya, Women’s, নারীদের স্বনির্ভরতায় ‘অনন্যা’, দক্ষতা উন্নয়নে জীবিকার নতুন উদ্যোগ

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। সংস্থার উদ্যোগে কলকাতার ডায়মন্ড হারবার রোডের মিনার্ভা গার্ডেনে গড়ে উঠেছে ‘অনন্যা’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘অনন্যা’র উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সূচীরানী দাস, অভিনেতা অনীমেশ ভাদুড়ি এবং জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডালিয়া রায়।

অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়।বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলা ও তরুণ- তরুণীদের কর্মমুখী দক্ষতায় প্রশিক্ষিত করে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই ‘অনন্যা’র অন্যতম প্রধান লক্ষ্য। প্রাথমিকভাবে এখানে প্রফেশনাল বিউটিশিয়ান, বেকারি ও কনফেকশনারি, জুয়েলারি মেকিং, হস্তশিল্প এবং নার্সারি প্ল্যান্টেশনের প্রশিক্ষণ দেওয়া হবে। বিউটিশিয়ান প্রশিক্ষণের মেয়াদ দুই মাস এবং অন্যান্য প্রশিক্ষণের মেয়াদ এক মাস।

জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডালিয়া রায় বলেন, “অনন্যা তৈরির মূল উদ্দেশ্য হলো বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলা ও তরুণ- তরুণীদের এমন ব্যবহারিক দক্ষতা শেখানো, যার মাধ্যমে তাঁরা নিজেদের এলাকাতেই কাজের সুযোগ তৈরি করতে পারেন। বাড়ি থেকেই বিউটিশিয়ান পরিষেবা, গয়না তৈরি, বেকারি বা হস্তশিল্পের ছোট উদ্যোগ শুরু করে তাঁরা আয় করতে পারবেন।”

তিনি আরও জানান, ‘অনন্যা’কে শুধুমাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে শেখা, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং নতুন উদ্যোগের পরিকল্পনার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পাশাপাশি এখানে লাইব্রেরি ও লার্নিং রিসোর্স সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে মিনার্ভা গার্ডেনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *