বেলদায় পুকুর থেকে উদ্ধার নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছের একটি পুকুর থেকে বছর চারেকের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি আগড়বাড়চক এলাকায় গত ১৯ ডিসেম্বর দুপুর নাগাদ নিখোঁজ হয় এলাকার অসীম মান্নার কন্যা আর্যা মান্না। এরপর পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান না পেয়ে জোড়াগেড়িয়া ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি দায়ের করে। অবশেষে আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে একটি পুকুরে তার মৃতদেহ দেখতে 
পায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যুর ঘটনা বলে মনে করা হলেও জলে ডুবে মৃত্যু না কি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *