এক যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য তাহেরপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ডিসেম্বর: এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তাহেরপুর থানা এলাকার ঘটনা। মৃত ওই যুবকের নাম রাকেশ মণ্ডল (২৮)।

জানাগেছে, নদিয়ার তাহেরপুর থানার বীননগর খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাকেশ মণ্ডল। পেশায় টোটো চালক। সে মামার বাড়িতে থাকতো। গতকাল বিকেল নাগাদ তার নতুন টোটো নিয়ে ধানের বীজের ভাড়া নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও রাতে আর বাড়ি ফেরেনি রাকেশ। রাতে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর পরের দিন সকালে তাহেরপুর থানায় রাকেশের বাড়ি থেকে একটি নিখোঁজ ডায়েরি করতে আসে। তখনই খবর আসে তাহেরপুর থানা এলাকার খামার শিমুলিয়া খালপাড় এলাকায় এক যুবকের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ এবং রাকেশ মণ্ডলের পরিবারের অন্যান্য সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করে। রাকেশ মণ্ডলের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উধাও রাকেশ মণ্ডলের নতুন টোটো এবং মোবাইল।

পরিবারের অনুমান রাকেশ মণ্ডলের নতুন টোটোটি ছিনতাই করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *