স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ সেপ্টেম্বর: নদিয়ার মদনপুরের ইন্দিরা মোড়ে এক হোটেল ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা। জানা গেছে, গতকাল রাতে ব্যবসায়ীর দোকানের সামনে বেশ কিছু মানুষ তাদের নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে বচসা শুরু করে। তখন ওই ব্যবসায়ী দোকান থেকে বেড়িয়ে দুই পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেন দোকানের সামনে থেকে। তার কিছুক্ষণ পর ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তাকে দোকানের ভিতরে ঢুকে মারধর করতে থাকে দুষ্কৃতীরা।

চিৎকার শুনে আশপাশের দোকানদাররা এলে দুষ্কৃতীরা দুই রাউন্ড শূন্যে গুলি ছোড়ে এবং ঘটনাস্থল ছেড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। লিখিত অভিযোগের ভিত্তিতে চাকদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


